মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীতে গোসল করতে নেমে হাবিবার রহমান বাবলী (৪৮) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে।
রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা ৩৪ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে এ বিষয়ে খবর আসে। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। ঘটনাটি ঘটেছে উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামের ইছামতী নদীর গুদারা ঘাট এলাকায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, তিন বান্ধবী ইছামতী নদীতে গোসল করতে নেমেছিলেন। গোসল শেষে দুজন সাঁতরে নদী থেকে উঠে আসতে সক্ষম হলেও হাবিবার রহমান বাবলী নিখোঁজ হন।
ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল সেখানে পৌঁছে নদীতে ডুবুরি অভিযান শুরু করে।
জানা গেছে, নিখোঁজ নারী ও তাঁর আরেক বান্ধবী ঢাকা থেকে সিরাজদিখানের ভুঁইয়াবাড়ী এলাকায় বান্ধবী চামেলির বাড়িতে বেড়াতে এসেছিলেন। পরে তিন বান্ধবী মিলে ইছামতী নদীর গুদারা ঘাট এলাকায় গোসল করতে যান। একপর্যায়ে নদীতে নিখোঁজ হন বাবলী।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ইছামতী নদীতে তীব্র স্রোত থাকায় নিখোঁজ নারীকে উদ্ধারে অভিযান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ডুবুরি দল সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, নিখোঁজ নারীকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।