সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
৫ আগস্টের পর আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তাদের কথিত ‘মুরুব্বিরাও’ পারেনি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে দিনাজপুর সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগীয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জাহিদ হোসেন বলেন, বিগত ২০ বছর যারা ক্ষমতায় ছিলেন, তাদের দেশের মানুষের ওপর আস্থা ছিল না। তাদের আস্থা ছিল নিজেদের মুরুব্বিদের ওপর। তারা মনে করতেন, মুরুব্বিরা যত দিন ক্ষমতায় রাখতে পারবেন, তত দিন তারা ক্ষমতায় থাকবেন।
কিন্তু ৫ আগস্টের পর মুরুব্বিরাও আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারেনি। শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, প্রযুক্তি, ভাষা শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের সঙ্গে যুক্ত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান হবে মানুষ তৈরির ক্যাম্পাস, দলবাজির নয়।
তিনি আরও বলেন, তরুণদের সঠিকভাবে গড়ে তুলতে খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার পরিবেশ তৈরি করতে হবে। একই সঙ্গে আনন্দঘন পরিবেশে শিক্ষা নিশ্চিত করা জরুরি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন কলেজের জেলা পর্যায়ে প্রথম স্থান ও স্বর্ণপদক পাওয়া ১ হাজার ১৫৪ জন শিক্ষার্থী-অ্যাথলেট অংশ নিচ্ছেন।
তাদের মধ্যে ৭৫৪ জন ছাত্র ও ৪০০ জন ছাত্রী। ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, সাঁতার ও অ্যাথলেটিকসসহ মোট ৭২টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসাসহ জাতীয় বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিভাগীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জনকারীরা পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।