কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নেওয়া পদক্ষেপকে ‘যুগান্তকারী’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, সরকারের নাম ব্যবহার করে যারা ব্যক্তিগত স্বার্থ হাসিল, চাঁদাবাজি কিংবা অনিয়মে জড়িত, এই সিদ্ধান্ত তাদের জন্য বড় সতর্কবার্তা।
শুক্রবার (২ অক্টোবর) দেওয়া বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইমেজ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ত্যাগ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনার প্রতি আস্থা রেখেই মানুষ তাদের ভোট দিয়েছে। তাই কোনো ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় সরকার বা দল নেবে না।
সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসেন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়। পরে জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি।
মিরপুরের স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ মিষ্টি। তবে রাড্ডা সেন্টারের ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের পর বিষয়টি নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে।