মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধর্ষণ মামলায় মো. সাঈদ আলী নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, সাঈদ আলী সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সোমবার নিয়মিত দায়িত্ব পালনের জন্য তিনি কার্যালয়ে অবস্থান করছিলেন।
এ সময় পুলিশ কর্মকর্তারা তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তথ্য নিয়ে কৃষি কার্যালয়ে যান। পরে সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, সাঈদ আলী ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার আসামি। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের একটি দল নিয়ে এসে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যান।
সিরাজদিখান উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, সাঈদ আলী প্রায় দুই মাস আগে তাঁর কার্যালয়ে যোগদান করেন। সোমবার তিনি নিয়মিত কাজের অংশ হিসেবে অফিসে ছিলেন। পরে পুলিশ কর্মকর্তারা তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তথ্য নিয়ে আসেন। একপর্যায়ে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, আশুলিয়া থানায় দায়ের করা ওই ধর্ষণ মামলার তদন্তের অংশ হিসেবে সাঈদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে।