জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) ও রোটারি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, মানবিক সহায়তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের বিষয় গুরুত্ব পায়।
এ ছাড়া উন্নয়নশীল দেশগুলোর জন্য কার্যকর সহযোগিতা বাড়ানো এবং বৈশ্বিক মানবিক সংকট মোকাবিলায় দাতব্য ও মানবিক সংস্থাগুলোর ভূমিকা সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় হয়।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের কর্মসূচিতে মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও রোহিঙ্গা ইস্যু বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রাতরাশ বৈঠকের পর তার রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশ নেওয়ার কর্মসূচিও রয়েছে।