ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে আদালতের রায়ের পর একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ পরিস্থিতিতে বিরোধীদলের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের যোগসাজশ থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ইশরাক বলেন, একদিকে বিরোধীদল সরকার পতনের আন্দোলনের কথা বলছে, অন্যদিকে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন বলে তার অভিযোগ। তিনি বলেন, ‘তাহলে কি এটা প্রমাণ হয় না, তাদের মধ্যে একটা যোগসাজশ হতে পারে? আমি মনে করি, এটা হতে পারে এবং এটা হলে অবাক হওয়ার কিছু থাকবে না।’
তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ নেতাদের রেখে যাওয়া বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও পরিবহন বর্তমানে কারা নিয়ন্ত্রণ করছে এবং সেখান থেকে অর্জিত অর্থ কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
বিরোধীদলের সাম্প্রতিক কর্মসূচির সমালোচনা করে ইশরাক বলেন, তারা বিভিন্ন ইস্যুতে কর্মসূচি পালন করলেও আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে তাদের বক্তব্যে তেমন কিছু উঠে আসছে না।