সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম যাকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন, সেই মরিয়ম খাতুনের মরদেহ রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে পাওয়া গেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) শেরেবাংলা নগর থানার আওতাধীন সংসদ সদস্যদের সরকারি আবাসন ন্যাম ভবন থেকে তার মরদেহ পাওয়া যায়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। মরিয়মের মৃত্যুর কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার পর এ বিষয়ে আরও তথ্য জানা যাবে।
গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
ভিডিও ছড়িয়ে পড়ার পর লিখিত বিবৃতিতে গাজী নজরুল ইসলাম দাবি করেন, সেখানে থাকা তরুণী তার বৈধ দ্বিতীয় স্ত্রী। পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রীর সম্মতিতে তাদের বিয়ে হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি।
এ ঘটনার পর নৈতিক স্খলনের অভিযোগ তুলে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের কথা জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে তার সংসদ সদস্য পদ বহাল রয়েছে।