সরকারকে জনগণের দাবি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। সংস্কারের দাবি পূরণ না হলে সরকার পতনের একদফা কর্মসূচিতে যাওয়ার কথাও বলেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের রংপুর অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ বক্তব্য দেন।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, অধিকার আদায়ের লক্ষ্যেই উত্তরাঞ্চলের উদ্দেশে লংমার্চ করছে ১১ দলীয় ঐক্য। গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, দাবি আদায় করেই তারা ঘরে ফিরতে চান। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে সরকারের কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।
এর আগে মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ শেষে সকাল ৮টার দিকে রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে লংমার্চের বহর। ঘোষিত দাবিগুলোর সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও যুক্ত করেছে ১১ দলীয় ঐক্য।
পরে লংমার্চের বহর গাজীপুরসহ বিভিন্ন স্থানে পথসভায় অংশ নেয়।