শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শেরপুরে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হাসপাতাল রোড এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু।
অভিযানকালে হাসপাতাল প্রাঙ্গণ, আশপাশের নিচু জায়গা এবং প্রধান সড়কের ড্রেন ও ডোবা-নালায় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সাথে ডেঙ্গু রোগের ভয়াবহতা, এডিস মশার বংশবিস্তার রোধ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, মোস্তাফিজার রহমান নিলু, প্রভাষক আব্দুল মান্নান, মনিরুজ্জামান মনির ও আব্দুল হালিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
পরিচ্ছন্নতা অভিযান শেষে ইউএনও ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের একার প্রচেষ্টা যথেষ্ট নয়; প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা। নিজ নিজ বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আঙিনা পরিষ্কার রাখা এবং ৩ দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়া প্রতিটি নাগরিকের সামাজিক দায়িত্ব।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এডিস মশার বিস্তার রোধে শেরপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।