পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা ও গোলাগুলিতে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য। আহত হয়েছেন শতাধিক মানুষ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত শহরের ‘ওল্ড পুলিশ লাইনস’ কমপ্লেক্সে এ হামলা চালানো হয়। প্রায় ২ লাখ ২০ হাজার মানুষের শহরটির এই কমপ্লেক্স জেলা পুলিশের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। সেখানে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট, স্পেশাল ব্রাঞ্চসহ পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি ইউনিটের কার্যালয় রয়েছে।
পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, বিস্ফোরণের পর সশস্ত্র হামলাকারীরা কমপ্লেক্সে ঢুকে পড়ে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি পুলিশ কমপ্লেক্সে ঢুকিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। এরপর সশস্ত্র হামলাকারীরা সেখানে প্রবেশ করে হামলা চালায়।
স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ‘ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান’ হামলার দায় স্বীকার করেছে বলে কয়েকটি প্রতিবেদনে জানানো হয়েছে। গোষ্ঠীটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সক্রিয় একাধিক সশস্ত্র সংগঠনের জোট।
হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সূত্র: মিডল ইস্ট আই, এএফপি
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?