মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার দেওভোগ বাজার এলাকায় তাঁর ফুফাতো ভাইয়ের বাসায় এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি আমতলা গ্রামের বাসিন্দা।
স্বজনদের ভাষ্য, বাসার পানির ট্যাংকি পরিষ্কার করার উদ্দেশ্যে দেলোয়ার হোসেন ট্যাংকির ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইউসুফ আলী সরকার বলেন, দেলোয়ার হোসেনকে হাসপাতালে আনার পর তাঁরা মৃত অবস্থায় পান। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে স্বজনেরা জানিয়েছেন, দেলোয়ার হোসেনের মৃগী রোগ ছিল। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।