জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, একটি দেশের অন্যতম বড় সম্পদ তার জনসংখ্যা। তাই দেশের জনসংখ্যাকে দক্ষ ও কার্যকর জনসম্পদে রূপান্তর করতে হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের শপথকক্ষে আয়োজিত ‘থ্রি ডিভিডেন্ডস, ওয়ান উইন্ডো: আ পার্লামেন্টারি ডায়ালগ অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক পলিসি ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউএনএফপিএর কারিগরি সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের আওতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এ পলিসি ডায়ালগের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।
স্পিকার বলেন, জনমিতিক লভ্যাংশ, জেন্ডার লভ্যাংশ ও দীর্ঘায়ু লভ্যাংশ—তিনটি বিষয়ই একে অপরের সঙ্গে সম্পর্কিত। এসব সুবিধা কাজে লাগাতে কার্যকর নীতিগত পরিকল্পনা গ্রহণ ও তার যথাযথ বাস্তবায়ন প্রয়োজন।
তিনি বলেন, শুধু নীতি প্রণয়ন করলেই পরিকল্পনার সুফল পাওয়া যাবে না। এর পাশাপাশি প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংস্কার, বাজেটের কার্যকর ব্যবহার এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সংশ্লিষ্ট নীতিমালা বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, দেশের প্রতিটি নাগরিকের উন্নয়নের সুযোগ নিশ্চিত করতে হবে।
নারীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, প্রবীণদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার ওপরও গুরুত্বারোপ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।