মোঃআতেফ ভূঁইয়া, গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর টঙ্গীর গোপালপুর এলাকায় নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে মাদক কারবারের নিয়ন্ত্রণ ও পূর্ববিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতের দিকে গাজীপুর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের গোপালপুর সোসাইটি মাঠে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম শ্রীপুর থানার টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলাম ও মালতি বেগমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে টঙ্গীর গোপালপুর এলাকায় বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গোপালপুর এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েকদিন ধরে একটি পক্ষের সঙ্গে নুরুল ইসলামের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মরকুন ও পাগাড় এলাকার কয়েকজন ব্যক্তি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে নুরুল ইসলামকে তার বাসা থেকে ডেকে বাইরে বের করে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
পরে তাকে গোপালপুর সোসাইটি মাঠে নেওয়া হয়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।
রাত ১২টার দিকে গাজীপুর-থ-১২-১১০১ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশায় করে নুরুল ইসলামকে বাসার সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। তবে পথেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
সংবাদ পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই ও তথ্য জানার জন্য সিএনজিচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে হামলায় জড়িতদের শনাক্ত করতে অভিযান চালাচ্ছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। অভিযোগ পাওয়ার পর আইনগত প্রক্রিয়া আরও এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।