বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর আদাবরে বিএনপি নেতা ইসহাক জোমাদ্দারকে গুলি করে হত্যার মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিংহ তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আদালতে দেয়া আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। ওই গুলিবর্ষণের ঘটনায় ইসহাক জোমাদ্দার নিহত হন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং জামিনে মুক্তি পেয়ে শাহজাহান ওমর যাতে আত্মগোপনে যেতে না পারেন, সে জন্য তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
এ ছাড়া শাহজাহান ওমরের বিরুদ্ধে নিউমার্কেট থানা, ঝালকাঠির রাজাপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা, দুর্নীতি ও বিস্ফোরক মামলা বিচারাধীন রয়েছে বলেও আদালতকে জানানো হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নিহত ইসহাক জোমাদ্দার (৫০) আদাবর থানা এলাকার সাবেক ৩০ নম্বর ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে আদাবর থানার শ্যামলী ক্লাব মাঠের বিপরীতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তিনি গুলিবিদ্ধ হন।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হলো।