বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ী বা অপরাধীর জায়গা হবে না।
শনিবার (২৯ আগস্ট) দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ২০২৬-২৭ অর্থবছরে সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ডে যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের বড় নেতা হলেও অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অনেক সময় অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এ ধরনের প্রবণতা বন্ধে প্রশাসনের পাশাপাশি পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অভিভাবক, মুরব্বি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
কেরানীগঞ্জে খেলার মাঠের সংকট নিয়েও কথা বলেন গয়েশ্বর। তিনি বলেন, জনসংখ্যা বাড়লেও মাঠের সংখ্যা কমেছে। সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বরাদ্দকৃত ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।