সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তাঁর তিন দিনের উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে আজ রবিবার (৩০ আগস্ট ২০২৬) নীলফামারীর ডিমলা অঞ্চলে অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন।
আজ দুপুর ১২টায় তিনি তিস্তা ব্যারাজ ও সেচ প্রকল্পের সার্বিক কার্যক্রম সরেজমিনে দেখতে যান। পরিদর্শনের সময় মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নাব্যসংকট এবং শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থার চ্যালেঞ্জগুলো পর্যবেক্ষণ করেন।
পরবর্তীতে তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। সভায় পাউবো কর্মকর্তারা তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা, নদী সংস্কারের আবশ্যকতা এবং স্বাভাবিক নাব্যসংকটের কারণে স্থানীয় কৃষকদের যে ভোগান্তি পোহাতে হয়, তার বিষদ বিবরণ তুলে ধরেন।
এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন রংপুর জেলার গঙ্গাচড়া ও বেতগাড়ী এলাকা সফর করেন। সেখানে তিনি প্যারাগন গ্রুপ পরিচালিত ডেইরি ফার্ম ‘প্যারাগন ডেইরি’ এবং চন্দনের হাটের একটি ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন। সেখানে তিনি স্থানীয় কারিগর ও উদ্যোক্তাদের সাথে কথা বলে গ্রামীণ অর্থনীতি ও তেল উৎপাদন প্রক্রিয়ার অভিজ্ঞতা অর্জন করেন।
রাষ্ট্রদূতের এই সফরে তাঁর সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ডিয়েন ডাও, মার্কিন দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।
তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন শেষে দুপুরেই তিনি সড়কপথে পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশে রওনা হন। সেখানে তিনি ইএসডিও গেস্ট হাউসে অবস্থান করবেন এবং সফরের পরবর্তী কর্মসূচিতে অংশ নেবেন।