ক্ষমতার স্বার্থে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ ভবিষ্যতে একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জ্বালানি সংকটের মধ্যে জামায়াতের লংমার্চ কর্মসূচিতে প্রায় এক লাখ লিটার জ্বালানি ব্যয় হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি দাবি করেন, জ্বালানি সংকটের মধ্যে জামায়াত লংমার্চের কর্মসূচি পালন করতে যাচ্ছে। তাঁর ভাষ্য, সরকারের বয়স মাত্র ছয় মাস পেরিয়ে সাত মাসে পড়েছে, এরই মধ্যে জামায়াত ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে।
রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, জামায়াতের কর্মসূচিতে আওয়ামী লীগ যুক্ত হতে পারে। জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যের বরাত দিয়ে তিনি দাবি করেন, আলোচনার ভিত্তিতে ভবিষ্যতে আওয়ামী লীগ ও জামায়াত একসঙ্গে মাঠে নামার সম্ভাবনা রয়েছে।
তিনি লেখেন, জামায়াতের লংমার্চে আওয়ামী লীগ যুক্ত হলে তাদের পক্ষ থেকে কোনো আপত্তি নাও থাকতে পারে। তাঁর দাবি, ক্ষমতার স্বার্থে দুই দল জাতীয় সংকটকে উপেক্ষা করে রাজনৈতিকভাবে এক হওয়ার প্রস্তুতি নিচ্ছে।
রাশেদ খাঁন আরও বলেন, জ্বালানি সংকটের মতো জাতীয় সংকটের চেয়ে রাজনৈতিক ক্ষমতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁর ভাষায়, ‘ক্ষমতা না জনতা’—এটাই এখন প্রশ্ন।