শাহরিয়ার আহমেদ শাওনঃ
হবিগঞ্জের নবীগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে শাবানা বেগম (২৪) নামে এক বোন খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৯ আগস্ট) উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাবানা বেগম ওই গ্রামের আফজল মিয়ার মেয়ে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শাবানা বেগম তার বড় ভাই শাহিন মিয়াকে ২০ হাজার টাকা কর্জ হিসেবে ধার দিয়েছিলেন। শাহিন মিয়া স্থানীয়ভাবে রাজমিস্ত্রির কাজ করতেন এবং কর্মসূত্রে অন্যত্র অবস্থান করতেন।
শনিবার শাহিন মিয়া বাড়িতে আসার খবর পেয়ে শাবানা বেগমও বাবার বাড়িতে আসেন। এ সময় তিনি ভাইয়ের কাছে পাওনা ২০ হাজার টাকা ফেরত চান। টাকা পরিশোধের বিষয় নিয়ে ভাই-বোনের মধ্যে কথা কাটাকাটি ও তর্ক-বিতর্কের একপর্যায়ে শাহিন মিয়া ধারালো অস্ত্র দিয়ে শাবানা বেগমকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই শাবানা বেগমের মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে অবহিত করলে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন মিয়া পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।