সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘পালিয়ে যাওয়া সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি অভিযোগ করেন, দেড় হাজার মানুষ হত্যার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন।
শনিবার দুপুরে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ অন্য ব্যক্তিদের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা দেড় হাজার মানুষ হত্যার পর ভারতে পালিয়ে গেছেন। তার পাশাপাশি আরও যেসব অভিযুক্ত ব্যক্তি ভারতে অবস্থান করছেন, তাদের বিষয়টিও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে এগিয়ে যাওয়ার কথা জানান তিনি।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায়। ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। তবে কোনো দেশের সঙ্গেই সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করা হবে না।
তিনি বলেন, জাতীয় স্বার্থকে ভিত্তি করে দুই দেশের মধ্যে একটি সমঝোতায় পৌঁছাতে হবে। ভারত সফরের সম্ভাবনা প্রসঙ্গে তিনি জানান, সফরের বিষয়ে কোনো তাড়াহুড়া নেই। এ ক্ষেত্রে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম সম্পন্ন করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তার মতে, রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান পর্যায়ের সফরের আগে বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় আলোচনা ও কাজ সম্পন্ন করা জরুরি।
শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তার সংবাদ সম্মেলনের বক্তব্য মানুষের অনুভূতিতে আঘাত করেছে। তবে এসব বিষয়েও বাংলাদেশ জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।
তিনি আবারও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ইতিবাচক ও কার্যকর রাখার বিষয়ে সরকার আগ্রহী। একই সঙ্গে ভারতসহ বিশ্বের কোনো দেশের সঙ্গেই বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।