প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পর মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে নতুন চার সদস্য শপথ নিতে পারেন। তাদের মধ্যে আন্দালিব রহমান পার্থ ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সাচিং প্রু জেরী ও মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম রয়েছে।
সূত্রগুলো বলছে, বর্তমানে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হতে পারে। তার স্থলাভিষিক্ত হয়ে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন আন্দালিব রহমান পার্থ।
বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ জানিয়েছেন, মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য পার্থকে ফোন করা হয়েছে। তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা তখনো নিশ্চিতভাবে জানানো হয়নি।
এদিকে মন্ত্রিসভায় আরও কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। স্থানীয় সরকার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসহ কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।