মঈন উদ্দীন,বান্দরবান
বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মিয়ানমারের ১৪ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) তাঁদের থানায় হস্তান্তর করা হয় বলে বিজিবি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন, ফরেনার্স অ্যাক্ট, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমারের ওই ১৪ নাগরিক আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধীন কিল্লাপাড়া চেকপোস্টে এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে তাঁদের ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয় দেন। তবে কী পরিস্থিতিতে এবং কোন উদ্দেশ্যে তাঁরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অনুপ্রবেশসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। অনুমতি ছাড়া সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ১৯ আগস্ট বিজিবি আটক ১৪ জনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।