মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর সদর থানাধীন মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে কাউলতিয়া পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতেই এ ক্যাম্প চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে কাউলতিয়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশ ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ কমিশনার। এ সময় তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চুরি-ছিনতাই, ডাকাতি ও মাদকসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও স্থানীয়দের উদ্বেগের কথা শোনেন।
পুলিশ কমিশনার বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের উপস্থিতি আরও দৃশ্যমান ও কার্যকর করা হবে। অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে স্থানীয় জনগণকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কাউলতিয়া এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সংশ্লিষ্টরা মনে করছেন, কাউলতিয়া পুলিশ ক্যাম্প চালুর ফলে মাস্টারবাড়ি বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকায় পুলিশের দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়বে এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে।