মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে আন্তঃজেলা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি হ্যান্ডকাফ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৯ আগস্ট বিকেলে গজারিয়া থানাধীন চরবাউশিয়া এলাকায় গজারিয়া থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করছিল। এ সময় একটি অটোরিকশায় থাকা দুই ব্যক্তিকে পুলিশের ওয়াকিটকির মতো বস্তু ও হ্যান্ডকাফসহ দেখতে পেয়ে সন্দেহ হয়।
পুলিশ তাদের থামার সংকেত দিলে অটোরিকশাটি গলির ভেতরের রাস্তায় ঢুকে যায়। পরে বড়কান্দি এলাকার জেনিসিস কিন্ডারগার্ডেন স্কুলের সামনে পুলিশ অটোরিকশাটির গতিরোধ করে।
আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. শামীম সৌরভ (৩২) এবং বরগুনার আমতলী থানার মুন্সীরহাট এলাকার রফিকের ছেলে মো. শাকিব @ শাকিল (২৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তা অসংলগ্ন ও সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের কাছে থাকা একটি হ্যান্ডকাফ ও দুটি ওয়াকিটকি সদৃশ বস্তু জব্দ করে।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা নিজেদের পুলিশ সদস্য বলে দাবি করলেও কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে হ্যান্ডকাফ ও ওয়াকিটকি প্রদর্শনের মাধ্যমে সড়কে চলাচলকারী অটোরিকশাচালকদের প্রতারণার ফাঁদে ফেলে অটোরিকশা চুরি করত তারা। পরে চুরি করা ব্যাটারিচালিত অটোরিকশা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হতো।
পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মো. মেনহাজুল আলম পিপিএমের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তদারকিতে এবং অতিরিক্ত পুলিশ সুপার মুন্সীগঞ্জ সদর সার্কেল মো. ইমরান আহমেদ পিপিএম-সেবার তত্ত্বাবধানে গজারিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালায়।
আটক দুই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত অটোরিকশা ক্রয়কারী মো. হাবিবুর (৪০)কে গ্রেপ্তার করা হয়। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানার বারপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে। তার হেফাজত থেকে চোরাইকৃত দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
পরে হাবিবুরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আরও একটি চোরাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানা এলাকায় বিক্রি করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হাসাইল এলাকার মৃত হায়দার ঢালীর ছেলে মো. কাশেম ঢালী (৫০)কে চোরাইকৃত অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন—মো. শামীম সৌরভ (৩২), মো. শাকিব @ শাকিল (২৪), মো. হাবিবুর (৪০) ও মো. কাশেম ঢালী (৫০)।
পুলিশের অভিযানে চোরাইকৃত তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি হ্যান্ডকাফ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।