প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদ্য যুক্ত হওয়া চার সদস্য।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে তারা সাক্ষাৎ করেন। নতুন সদস্যরা হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম (ডোনার) ও মো. ইসমাইল জবিউল্লাহ।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুর ইসলাম রনি সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সকালে স্থায়ী কমিটির নতুন চার সদস্য শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
গত ১৫ আগস্ট বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই চার নেতাকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন। দলের পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রমে আরও গতি আনা এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।
বিএনপি আশা করছে, নতুন সদস্যরা তাদের অভিজ্ঞতা, মেধা ও বিচক্ষণতার মাধ্যমে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং দল ও জনগণের স্বার্থে কার্যকর পরামর্শ দেবেন।
২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এরপর স্থায়ী কমিটি পুনর্গঠন করা হলেও সদস্যদের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে কয়েকটি পদ শূন্য হয়। বিভিন্ন সময়ে এসব পদে নতুন সদস্য যুক্ত করেছে দলটি। এবার একসঙ্গে চারজনকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো।
১৯ সদস্যের বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চারজন যুক্ত হওয়ার আগে ১৩ জন সদস্য ছিলেন। নতুনদের অন্তর্ভুক্তির পর কমিটিতে বর্তমানে মোট ১৭ জন সদস্য রয়েছেন।
এদিকে স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী করা হয়েছে। ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে।