জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় নেতা নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হলে বর্তমান সরকারও স্বৈরাচারী হয়ে উঠতে পারে। তার দাবি, সরকারের মধ্যে সেই প্রবণতা ইতোমধ্যেই লক্ষ করা যাচ্ছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে জামায়াতে ইসলামীর আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক সংস্কৃতি ও রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক পরিবর্তন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। তার ভাষায়, রাষ্ট্র পরিচালনা কোনো ব্যক্তি বা সরকারপ্রধানের ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করে না। তাই কাঠামোগত সংস্কার না হলে অতীতের মতো বর্তমান সরকারও স্বৈরাচারী হয়ে উঠতে পারে।
তিনি অভিযোগ করেন, পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবারও দলীয়করণের শিকার হয়েছে। তার দাবি, এসব প্রতিষ্ঠান নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে না।
আওয়ামী লীগের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দলটি জনগণের আস্থা হারিয়েছে। তার দাবি, তারা পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করলে জনগণের প্রতিরোধের মুখে পড়বে এবং এ বিষয়ে সরকারবিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ রয়েছে।
সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, পর্যাপ্ত কূটনৈতিক উদ্যোগের অভাবে ‘পতিত স্বৈরাচারী শক্তি’ বিদেশে বসে তৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে। একই সঙ্গে সংস্কার ইস্যুতে সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং এসব শক্তিকে মোকাবিলায়ও ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।