মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তারা মূলত ফ্যাসিবাদী শক্তিরই সুবিধা করে দিচ্ছে। তাই জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব গণতন্ত্রকামী ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বুধবার (৫ আগস্ট) টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের নয়; এটি বাংলাদেশের সব মানুষের অর্জন। তিনি বলেন, কোনো যৌক্তিক কারণ ছাড়াই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তার সুযোগ নেবে স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তি। তাই বিভক্তির পরিবর্তে জাতীয় ঐক্য বজায় রেখে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
বিএনপির ভূমিকার প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সাল থেকে ২০২৪ পর্যন্ত দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে। তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অসংখ্য মানুষ গুম হয়েছেন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে।
তিনি বলেন, জুলাইয়ের চেতনা ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর রাষ্ট্র গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক (সানু), ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ডা. এম এ মতিনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা।