প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, জামায়াতে ইসলামী নিজেদের ইসলামের একমাত্র প্রতিনিধি হিসেবে উপস্থাপন করলেও বাস্তবে দলটি ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। একই সঙ্গে তিনি জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দেশের রাজনীতিতে ‘বিষফোড়া’ বলেও মন্তব্য করেছেন।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, “ইসলামের ঠিকাদার কি জামায়াতে ইসলামী? না। বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত।” তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের নিয়ে বিভ্রান্তিকর ভিডিও ও ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হচ্ছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনগণ এখন আর আন্দোলন-সংগ্রামের রাজনীতি দেখতে চায় না। তাঁর ভাষায়, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মাথায় আবার সরকারবিরোধী আন্দোলনের ডাক দেওয়া বাস্তবসম্মত নয়।
তিনি প্রশ্ন রেখে বলেন, “ধরে নিলাম সরকার দায়িত্ব ছেড়ে দিল, তারপর দেশ চালাবে কে? বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো বিএনপি সরকারের বিকল্প এই মুহূর্তে নেই।”
এনসিপিকে লক্ষ্য করে নুরুল হক নুর বলেন, দলটি এখনো বিরোধী দলে রয়েছে এবং তাদের রাজনীতি শেখার প্রয়োজন আছে। তাঁর দাবি, আন্দোলনের শেষ দিকে যখন ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত হয়ে যায়, তখন একটি বিদেশি গোষ্ঠী এনসিপির ওপর প্রভাব বিস্তার করে।
তিনি আরও অভিযোগ করেন, সেই প্রভাবের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে সরকারকে চাপে ফেলার চেষ্টা চলছে। “এনসিপি এখন রাজনীতিতে বিষফোড়ায় পরিণত হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে,” বলেন প্রতিমন্ত্রী।