মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকায় বাজার তদারকির সময় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ এবং মূল্য তালিকা হালনাগাদ না রাখার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযান চলাকালে মেসার্স এনাম এন্টারপ্রাইজে মেয়াদোত্তীর্ণ টমেটো সস বিক্রির উদ্দেশ্যে দোকানে প্রদর্শন ও সংরক্ষণ করতে দেখা যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ জিদানের বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে মেসার্স এমদাদ এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের চাল ও গবাদিপশুর খাদ্যের মূল্য তালিকায় দাম উল্লেখ না থাকা এবং তালিকা হালনাগাদ না রাখার প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে প্রতিষ্ঠানটির ম্যানেজার ফয়সাল আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা খাদ্য নিয়ন্ত্রক লিটন কুমার দাস, খাদ্য পরিদর্শক মো. শামিম হোসেন এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি দল সহযোগিতা করে।
সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত বাজার তদারকি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।