মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির রাজনীতি আপসকামিতা বা পলায়নের নয়; বরং স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ইতিহাস রয়েছে দলটির।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বিএনপির সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি করে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
শফিউল বারী বাবুর স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, তিনি ছিলেন সৎ, নিষ্ঠাবান, ত্যাগী ও দলের প্রতি নিবেদিত একজন নেতা।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শফিউল বারী বাবুর সঙ্গে তার আদর্শিক সম্পর্ক ছিল। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তারা একসঙ্গে রাজপথে ছিলেন। বাবু যে ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সরকার সে লক্ষ্যেই কাজ করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া ও শফিউল বারী বাবুর সহধর্মিণী সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালের ২৯ জুলাই শফিউল বারী বাবু মারা যান। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং পরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন।