বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর একটি দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি পেয়েছে। এখন অর্থনীতিকে শক্তিশালী করতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ব্লু ইকোনমিসহ বিভিন্ন খাতে ইউরোপের দেশগুলো বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে। নির্দিষ্ট সময় বা আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় না থেকে বিনিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
শামা ওবায়েদ বলেন, জ্বালানি, ব্লু ইকোনমি, তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব খাতে পশ্চিমা দেশগুলোরও আগ্রহ রয়েছে।
তিনি আরও জানান, অর্থনৈতিক খাতের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি খাতেও বিনিয়োগ বাড়াতে সরকার কাজ করছে।