রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধানমন্ত্রী ভিআইপি বক্সে না থেকে মাঠে নেমে শিশু-কিশোরদের খেলা উপভোগ করেন। তার এই উপস্থিতি প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্ষুদে ক্রীড়াবিদ ও দর্শকদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে।
সমাপনী অনুষ্ঠানে বালক ও বালিকা বিভাগের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়। বালিকা বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ও রংপুর অঞ্চল। এছাড়া বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালও আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬ উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি প্রতিযোগিতার থিম সংয়ের সঙ্গে শিশুশিল্পীদের নৃত্য পরিবেশন উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এই ক্রীড়া আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি নতুন প্রতিভা তুলে আনার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।