সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়কমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো দেশের মানুষকে দেশেই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা। সরকার চায় না, চিকিৎসার জন্য কাউকে বিদেশে যেতে হোক।
সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে বিশ্ব মাথা ও ঘাড় ক্যান্সার দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এভিটি ক্যান্সার সেন্টার উদ্বোধন এবং ক্যান্সার রোগী ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যাতে কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।
শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রসঙ্গে তিনি বলেন, যথাসময়ে চিকিৎসা পেলে অনেক মূক ও বধির ব্যক্তি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণার প্রয়োজন রয়েছে।
এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি কার্যক্রম সম্প্রসারণে অডিও-ভার্বাল থেরাপির ওপর দক্ষ জনবল তৈরি করা প্রয়োজন। এ জন্য জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটকে উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করতে হবে, যাতে ভবিষ্যতে দেশের আরও হাসপাতালে এ সেবা চালু করা যায়।