জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, রাষ্ট্রপতির পদে দায়িত্ব পালনকালীন কিছু সাংবিধানিক সুরক্ষা থাকলেও পদ ছাড়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণে কোনো বাধা নেই। তিনি সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
রোববার (২৬ জুলাই) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় ছাত্রশক্তির আয়োজিত ‘জুলাই স্মরণে আলোচনা সভা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, জুলাই আন্দোলনের পর ছাত্রনেতারা জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিলেও তা বাস্তবায়ন হয়নি। তার দাবি, সেই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হতে পারত। এরপরও এনসিপি অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে এসেছে।
তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন শপথ ভঙ্গ করেছেন এবং শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সংবিধানের ৫১ নম্বর অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে আখতার হোসেন বলেন, দায়িত্বে থাকা অবস্থায় রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছু আইনি সুরক্ষা থাকলেও সেটিকে স্থায়ী দায়মুক্তি হিসেবে দেখার সুযোগ নেই। তার ভাষায়, রাষ্ট্রপতির পদ থেকে সরে যাওয়ার পর তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব। তাই রাষ্ট্রপতিকে কখনোই আইনের আওতায় আনা যায় না—এমন ধারণা সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।