রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় আগাম শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান অলি আহমদ।
সংবাদ সম্মেলনে অলি আহমদ বলেন, মির্জা ফখরুলের সঙ্গে তার দীর্ঘদিনের কর্মজীবনের সম্পর্ক রয়েছে। রাষ্ট্রপতি হিসেবে তিনি সবকিছুর ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে কাজ করবেন বলে প্রত্যাশা করেন তিনি।
নিজের নির্বাচনী ফলাফল প্রসঙ্গে অলি আহমদ বলেন, তাকে সমর্থন দেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। বিভিন্ন সংস্থার জরিপে জনগণের বড় একটি অংশ তাকে সমর্থন করেছিল বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, এসব জরিপে তার পক্ষে ৬৮ থেকে ৭০ শতাংশ এবং মির্জা ফখরুলের পক্ষে ২৮ থেকে ৩১ শতাংশ মানুষের সমর্থন ছিল।
রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা ও বর্তমান কাঠামো নিয়েও মন্তব্য করেন অলি আহমদ। তিনি বলেন, বর্তমানে রাষ্ট্রপতির স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক সুযোগ সীমিত। বঙ্গভবনের ভেতরে থাকা মাজার জিয়ারত ও মসজিদে নামাজ আদায় ছাড়া রাষ্ট্রপতির তেমন স্বাধীনভাবে কোনো কাজ করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
আগামী দিনে সংসদ বসলে রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন এলডিপির চেয়ারম্যান।