লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং শাইখুল হাদিস মামুনুল হক একজোট হলে এক সপ্তাহের মধ্যেই সরকারের পতন অনিবার্য হয়ে উঠবে।
শনিবার (২৫ জুলাই) ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অলি আহমদ বলেন, এই তিন নেতা একসঙ্গে কাজ করলে যেকোনো সময় ঢাকায় ২০ থেকে ৩০ লাখ মানুষের সমাবেশ ঘটানো সম্ভব। পাশাপাশি টঙ্গী, সায়েদাবাদ ও মিরপুরসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করাও তাদের পক্ষে সম্ভব বলে দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে কর্নেল অলি বলেন, একজন ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করবেন না—এমন প্রস্তাব ১১ দলীয় ঐক্যজোট থেকে দেওয়া হলেও তা গ্রহণ করা হয়নি। তিনি প্রধানমন্ত্রীকে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের সব মানুষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে ভবিষ্যতে ‘এক দফা, এক দাবি—এই সরকার কবে যাবি’ ধরনের আন্দোলন গড়ে উঠতে পারে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মাওলানা মুমিনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।