মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আইশ্বিন ফুডস লিমিটেডে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উৎপাদিত খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে অধিকতর পরীক্ষার জন্য।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। তবে যৌথ অভিযানটি পরিচালিত হয় সোমবার (২০ জুলাই)।
জানা গেছে, কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটির কারখানায় সমন্বিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানের খাদ্যপণ্যের লেবেলিংয়ে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি রয়েছে। এছাড়া খাদ্য সংযোজন দ্রব্যের সংরক্ষণ পদ্ধতিতে অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ সংক্রান্ত নথিপত্র সংরক্ষণ না করার বিষয়টি ধরা পড়ে।
এছাড়া উৎপাদিত ব্রেডের মেয়াদ ৩০ দিন উল্লেখ করা হলেও, এর পক্ষে কোনো সেলফ লাইফ স্টাডি বা ল্যাব পরীক্ষার প্রমাণ উপস্থাপন করতে পারেনি প্রতিষ্ঠানটি। খাদ্য সংযোজন দ্রব্যের ম্যাটেরিয়াল ডাটা সেফটি শিট (MSDS), সার্টিফিকেট অব অ্যানালাইসিস (COA), সঠিক মাত্রায় ব্যবহারের প্রমাণ এবং খাদ্যপণ্যের চালান ও ক্রয় রসিদও যথাযথভাবে সংরক্ষিত ছিল না।
এসব অনিয়মের প্রেক্ষিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ধারা ৩২(ক) ও ৩৮ অনুযায়ী আইশ্বিন ফুডস লিমিটেডকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়। পাশাপাশি খাদ্যের মান যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানটির বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।