জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে সম্প্রতি ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর রমনায় বিস মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। ভারতে যারা পালিয়ে আছেন, তাদের ফেরাতে ভিন্ন ভিন্ন চিঠি দেওয়া হয়েছে। গত বছরের ২৬ নভেম্বর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে প্রত্যর্পণের আওতায় আনতে একটি চিঠি দেওয়া হয়েছিল।
সোমবার ট্রাইব্যুনাল জানিয়েছেন, আবারও আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। এটি কি দ্বিতীয় দফার চিঠি—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ‘আসাদুজ্জামান খানের বিরুদ্ধে বাংলাদেশের আইনে বিচার চলছে। তিনি যেহেতু পলাতক আসামি, তাকে ফিরিয়ে আনার জন্য যে চিঠি দেওয়া প্রয়োজন, সেটাই আমরা দিয়েছি।
আমরা আগেও বারবার বলেছি, কূটনৈতিক নীতিমালা ও প্রটোকল এবং প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুযায়ী আসাদুজ্জামান খানকে দেশে ফিরিয়ে এনে তার বিচার সম্পন্ন করা হবে। ঠিক যেভাবে শেখ হাসিনাসহ অন্যান্য আসামির বিচার হবে।’ আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে চিঠিটি কবে পাঠানো হয়েছে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,
‘এটি সম্প্রতি পাঠানো হয়েছে এবং শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করেই চিঠি দেওয়া হয়েছে। যখন যা প্রয়োজন, আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সেই উদ্যোগ নেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী আমরা প্রয়োজনীয় কাজ করব।
এটি একটি চলমান প্রক্রিয়া। যারা পলাতক আসামি, যাদের বিচার হয়েছে, সাজা হয়েছে, তাদের ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার কার্যকর করা হবে। জনগণও সেটাই আশা করে।’
চিঠির বিষয়ে ভারতের কাছ থেকে কী প্রতিক্রিয়া আশা করা হচ্ছে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘আমাদের সরকারের পক্ষ থেকে চিঠি গেছে। আমরা অপেক্ষা করব, অবশ্যই আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দেবে এবং দুই দেশের মধ্যে যে দ্বিপক্ষীয় সম্পর্ক আছে, সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভারতে যারা পালিয়ে আছেন, সাধারণত তাদের জন্য ভিন্ন ভিন্ন চিঠি যায়। এখন পর্যন্ত কতটি চিঠি গেছে জানতে চাইলে তিনি জানান, ভারতে পালিয়ে থাকা যেসব আসামি রয়েছেন, তাদের ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে।