বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু দাবি করেছেন, দেশে ‘মব সংস্কৃতি’ বিস্তারের পেছনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ভূমিকা রয়েছে। তিনি অভিযোগ করেন, এনসিপি নেতাদের বক্তব্য লাগামহীন এবং তারা অন্তর্বর্তী সরকারের অংশ থাকা অবস্থায়ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছেন।
রোববার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এবং ভাসানী জনশক্তি পার্টির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
বরকত উল্লাহ বুলু বলেন, ভূরাজনৈতিক বাস্তবতায় দেশকে অস্থিতিশীল করতে ‘ফ্যাসিস্ট’ শক্তি প্রতিবেশী ভারতে অবস্থান করে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। নৈরাজ্য সৃষ্টি করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।
বক্তব্যে তিনি বাকশালের প্রসঙ্গ টেনে শেখ মুজিবুর রহমানের সমালোচনা করেন। তার দাবি, বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের কারণেই শেখ মুজিবের পতন অনিবার্য হয়ে উঠেছিল।
বর্তমান পরিস্থিতিতে সব রাজনৈতিক দল ও সচেতন নাগরিকদের জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, দেশকে বিভক্তি ও অস্থিতিশীলতার পথে না নিয়ে একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।