বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীদল ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে ‘জুলাই’কে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে। তিনি বলেন, বিএনপি জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার (১৭ জুলাই) সকালে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা যেমন ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, তেমনি জুলাই সনদের প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ। তবে উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টিতে আমরা কখনোই একমত ছিলাম না। আমাদের মতে, এ ক্ষেত্রে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে।”
সংবিধান নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, দলটি সংবিধান সংস্কারের নয়, বরং সংশোধনের পক্ষে। “আমরা বরাবরই সংবিধান সংশোধনের কথা বলে আসছি। সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি,” যোগ করেন তিনি।
জুলাই আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “আমরা চাই না জুলাই শুধু ক্ষমতায় যাওয়ার আরেকটি হাতিয়ারে পরিণত হোক। জুলাইয়ের আন্দোলন কেবল একটি মাসের ঘটনা নয়; এটি দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ফলশ্রুতি।”
তিনি আরও দাবি করেন, বিরোধীদল বিভিন্ন মুখরোচক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।