দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং মানুষের দক্ষতা উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের সমাপনী বক্তব্যে তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা এবং ভাষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে জনগণকে আরও সক্ষম করে তোলা।
প্রধানমন্ত্রী বলেন, নাগরিকদের সরকারি সুবিধা সহজে পৌঁছে দিতে বিভিন্ন ধরনের কার্ডকে একীভূত করে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের সহায়তায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সংসদে বাজেট পাসের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদমুক্ত সংসদে বাজেট অনুমোদন একটি ঐতিহাসিক ঘটনা। অতীতে যারা বাজেটের সমালোচনা করতেন, তারাই এবার এটিকে জনবান্ধব হিসেবে উল্লেখ করেছেন বলে জানান তিনি।
শিক্ষা খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, চলতি বাজেটে এ খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। আগামীতে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।