বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ছাড়ার একদিন পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আবু সাদিক কায়েম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, তিনি জামায়াতের সহযোগী সদস্য হওয়ার জন্য ফরম সংগ্রহ করছেন।
সাক্ষাৎ শেষে আবু সাদিক কায়েম জানান, দেশের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, নতুন বাংলাদেশ গঠন এবং ছাত্রসমাজের প্রত্যাশা সম্পর্কে তিনি জামায়াত আমিরকে অবহিত করেন।
একই সঙ্গে গণভোটের জনরায় বাস্তবায়নের আন্দোলন এবং রংপুরে তিস্তা নদী রক্ষার দাবিতে সক্রিয় ভূমিকার জন্য ডা. শফিকুর রহমানকে ধন্যবাদ জানান।
এ ছাড়া চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাদিক কায়েমের ভাষ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, সেশনজট নিরসন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে ভবিষ্যতেও প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন ডা. শফিকুর রহমান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফরম সংগ্রহের ছবি প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।