চলমান বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষাগুলো নতুন প্রশ্নপত্রে পুনরায় নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন কয়েকটি জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষা পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম বোর্ডে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞানের পরীক্ষা যে নতুন প্রশ্নপত্রে নেওয়া হবে, একই সময়ে স্থগিত পরীক্ষাগুলোও নতুন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও অভিযোগের বিষয়টি মন্ত্রণালয় শুরু থেকেই গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরীক্ষার নতুন ব্যবস্থা করা হয়েছে।
এ সময় সম্প্রতি শিক্ষার্থীদের নিয়ে নিজের একটি মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কাউকে আঘাত করার উদ্দেশ্যে তিনি কোনো মন্তব্য করেননি।
শিক্ষামন্ত্রী বলেন, তার ব্যক্তিগত মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করছেন। তিনি জানান, কারও অনুভূতিতে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না।