আবু তাহের, জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের উদ্যোগে সাত দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব-২০২৬। বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নির্দেশনা শাখার শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে।
আগামী ১২ জুলাই থেকে শুরু হয়ে ১৮ জুলাই পর্যন্ত চলবে এ নাট্যোৎসব। বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সামনে উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
উদ্বোধন করবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল। এবারের নাট্যজন সম্মাননা প্রদান করা হবে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত-কে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আরিফ হায়দার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন উৎসবের সদস্য সচিব ও কোর্স শিক্ষক মো. মাজহারুল হোসেন তোকদার।
সভাপতিত্ব করবেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান এবং উৎসবের আহ্বায়ক অধ্যাপক ইসমত আরা ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করবেন বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মামুন রেজা।
সাত দিনব্যাপী এই নাট্যোৎসবে প্রতিদিন একটি করে নাটক মঞ্চস্থ হবে। প্রথম দিনে মঞ্চায়িত হবে ‘ভাষা অথবা প্রেমের রাজনৈতিক বিপর্যয়’।
দ্বিতীয় দিনে ‘কালিকা’, তৃতীয় দিনে ‘ইন্ডিপেন্ডেন্স’, চতুর্থ দিনে ‘একশ বস্তা চাল’, পঞ্চম দিনে ‘দেওয়ান গাজীর কিসসা’, ষষ্ঠ দিনে ‘ক্রীতদাসের হাসি’ এবং সমাপনী দিনে ভারতের পশ্চিমবঙ্গের কাঁকিনাড়া শিল্পাঙ্গনের পরিবেশনায় ‘পঞ্চমীর চাঁদ’ নাটক মঞ্চস্থ হবে।
আয়োজকরা জানান, নাট্যচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আন্তর্জাতিক নাট্যচর্চার সঙ্গে সম্পৃক্ত করাই এই উৎসবের অন্যতম লক্ষ্য।