মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলারত অবস্থায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল রাত ১০টার সময় শাহজাদপুর থানাধীন পোতাজিয়া ইউনিয়নের রাউতারা চালারপাড়া স্থানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে জুয়া খেলার আসর চলাকালীন হাতেনাতে ১০ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযানস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম (কার্ড) এবং নগদ টাকা জব্দ করা হয়েছে। এই দুর্গম এলাকাটিকে নিরাপদ মনে করে দীর্ঘদিন ধরে একটি চক্র জুয়ার আসর বসিয়ে আসছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অত্যন্ত দুর্গম এলাকায় অভিযানটি সফল করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ তাদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।