রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার (১১ জুলাই ২০২৬) ভোররাতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ মথুরাপুর বিওপি-এর একটি চৌকস টহল দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ আনুমানিক রাত ২টার দিকে মথুরাপুর বিওপি-এর টহল দল মাঠে নামে।
অভিযান চলাকালে সীমান্তের ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘রাজেশপুর ফরেষ্ট বাগান’ নামক স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মোট ৯৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
১০ বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষায় এবং মাদক নিয়ন্ত্রণে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক ধ্বংস করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।