সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের অর্থ সুরক্ষায় কোনো ধরনের ‘হেয়ার কাট’ করা হবে না জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমানতকারীরা তাদের জমানো টাকা সুদসহ ফেরত পাবেন।
বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানুর এক জরুরি জনগুরুত্বসম্পন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ‘ব্যাংক রেজুলেশন আইন ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। এই আইনের আওতায় এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠন করা হয়েছে।
তিনি বলেন, একীভূত ব্যাংকের মাধ্যমে এসব ব্যাংকের সব আমানতকারীর স্বার্থ সংরক্ষণ করা হবে। আমানতকারীদের অর্থ ফেরতের ক্ষেত্রে কোনো অর্থ কর্তনের সুযোগ নেই।
অর্থমন্ত্রী বলেন, ‘এটি একটি হৃদয়বিদারক ঘটনা। তবে আশ্বস্ত করতে চাই, আমানতকারীরা তাদের টাকা সুদসহ ফেরত পাবেন। যেহেতু সুদসহ ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, তাই হেয়ার কাটের কোনো প্রশ্নই আসে না।’ তবে ব্যাংকগুলো বর্তমানে লোকসানে থাকায় পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে অর্থমন্ত্রী জানান, পাচারকৃত অর্থ উদ্ধারে ৯টি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানকে ‘নো উইন নো ফি’ ভিত্তিতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে অগ্রাধিকার দেওয়া ১১টি মামলার মধ্যে ছয়টি বড় গ্রুপের বিরুদ্ধে দেওয়ানি কার্যক্রম শুরু হয়েছে। এসব গ্রুপের মধ্যে রয়েছে এস আলম, বেক্সিমকো, সিকদার গ্রুপ, নাসা গ্রুপ, ওরিয়েন্ট গ্রুপ এবং সাইফুর রহমান চৌধুরী।
অর্থমন্ত্রী আরও জানান, আমানত সুরক্ষা আইনের আওতায় সুরক্ষার পরিমাণ ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি ব্যাংক খাতে অনিয়ম ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিশেষ ফরেনসিক অডিট চলছে।
তিনি বলেন, ব্যাংক রেজুলেশন আইনের আওতায় দায়ী ব্যক্তিদের দেশি-বিদেশি সম্পদ ও তহবিল বিক্রির মাধ্যমে গ্রাহকদের অর্থ উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সংসদ সদস্য রেহেনা আক্তার রানু উদ্বেগ প্রকাশ করে বলেন, লাখো গ্রাহক তাদের অর্থ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। আমানতকারীদের স্বার্থ রক্ষায় কোনো ধরনের অর্থ কর্তন না করার আহ্বান জানান তিনি।