বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ছয়জন জেলে নিখোঁজ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন।
মঙ্গলবার (৭ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তিন, পানপট্টি ইউনিয়নের দুই ও গলাচিপা সদর ইউনিয়নের একজন নিখোঁজ জেলেকে দ্রুত উদ্ধারে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ জানান।
ফেসবুক পোস্টে হাসান মামুন বলেন, “ট্রলার ডুবিতে নিখোঁজ গলাচিপা উপজেলার ছয়জন অধিবাসীকে উদ্ধার করার সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা ও জেলা প্রশাসন, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।”
উল্লেখ্য, বৈরী আবহাওয়ার মধ্যে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে একটি ফিশিং ট্রলার ডুবে গেলে ১১জন জেলের মধ্যে ৫ জন উদ্ধার হলে এখনো ৬ জন জেলে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অভিযান অব্যাহত রয়েছে।