রাবি প্রতিনিধি,এম এ আতিকুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিশারীজ অনুষদের আয়োজনে মৎস্য উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে রাজশাহী ও নাটোর জেলার ১৫ জন মৎস্য উদ্যোক্তা অংশ নেন।
শনিবার (১৭ অক্টোবর) ‘এন্টারপ্রেনারশিপ ট্রেনিং অন ভ্যালু-অ্যাডেড ফিশ অ্যান্ড ফিশ প্রোডাক্টস: প্রিপারেশন, প্যাকেজিং, ট্রেসেবিলিটি অ্যান্ড ফুড সেফটি’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাছের মূল্য সংযোজিত পণ্য প্রস্তুতকরণ, আধুনিক প্যাকেজিং পদ্ধতি, পণ্যের উৎস ও সরবরাহ-শৃঙ্খল অনুসরণ (ট্রেসেবিলিটি) এবং খাদ্যনিরাপত্তা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি হাতে-কলমে মাছের মূল্য সংযোজিত পণ্য তৈরি ও প্যাকেজিংয়ের বিভিন্ন কৌশল শেখানো হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল মৎস্য উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ ও মানসম্মত মূল্য সংযোজিত মৎস্যপণ্য উৎপাদনে উৎসাহিত করা এবং মৎস্য খাতে উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সহায়তা করা।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণ দেশের মৎস্যসম্পদের সর্বোত্তম ব্যবহার, মৎস্যপণ্যের বহুমুখীকরণ এবং এ খাতের টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।