ছাত্রদলের হাত ধরেই নিজের রাজনৈতিক জীবনের শুরু বলে জানিয়েছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয়তাবাদী রাজনীতির লড়াইয়ের শিক্ষা ছাত্রদল থেকেই পেয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান জানান, ২০১১ সালে ছাত্রদলের মিছিলে সক্রিয় ছিলেন তিনি। ২০১৩ সালের কোটা আন্দোলনে অংশ নিতে ঢাকায় এসে হামলার শিকার হন। ২০১৪ সালের নির্বাচনকেন্দ্রিক হরতাল-অবরোধেও অংশ নেন। পরে পড়াশোনা ও ব্যবসায় মনোযোগ দিলেও ২০১৭ সালে আবার কোটা আন্দোলনে যুক্ত হন।
তাঁর দাবি, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের উদ্যোগ তিনিই নিয়েছিলেন। আন্দোলন শুরুর আগে পাবলিক লাইব্রেরিতে শিক্ষার্থীদের মধ্যে হাতে লেখা লিফলেট বিতরণ করে জনমত গড়ে তোলার চেষ্টা করেন।
২০১৮ সালের ১৪ মার্চ আটক হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধাদের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের কথাও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, পরবর্তী সময়ে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, গণঅধিকার পরিষদ ও প্রবাসী অধিকার পরিষদ গড়ে ওঠে। মতবিরোধের কারণে আলাদা হয়ে পরে আমজনতা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন তিনি।
নিজের রাজনৈতিক আদর্শ প্রসঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জাতীয়তাবাদী আদর্শই তাঁর রাজনৈতিক শিকড়। পাশাপাশি বিভিন্ন আন্দোলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শ ও তত্ত্বাবধানে কাজ করেছেন বলেও দাবি করেন তিনি।