আমজাদ শিবলু : নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে আরাফাত হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আরাফাত উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের নলুয়া দক্ষিণপাড়ার আজাদ চেয়ারম্যান বাড়ির সৌদিআরব প্রবাসী ফরহাদ হোসেনের বড় ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে বড়। সে স্থানীয় নলুয়া ভূঁইয়া একাডেমির নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির পাশে খেলতে যায় আরাফাত। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। দ্রুত সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডমুরুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবিএম জসিম উদ্দিন আজাদ বলেন, আরাফাত তার আপন চাচাতো ভাইয়ের ছেলে। সন্ধ্যার দিকে খেলতে গিয়ে সে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার সরকার বলেন এ বিষয়ে কেউ কিছু বলেনি। তবে এখনই খোঁজখবর নিচ্ছি।